নওগাঁয় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল মতিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পত্নীতলা থানার বেলঘড়িয়া তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির একটি টিম পত্নীতলা এলাকায় অবস্থান করছিল। বিকেল ৫টার দিকে গোপন সংবাদ আসে যে, বেলঘড়িয়া তিন রাস্তার মোড়ে বটগাছের নিচে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের আভিযানিক দলটি সেখানে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে আটক করে।

আটক আব্দুল মতিন পত্নীতলা থানার মহিমপুর গ্রামের ছইফ উদ্দিনের ছেলে। আটকের পর তার দেহ তল্লাশি করে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে অভিযুক্তের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত নওগাঁ গড়তে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন