উৎপাদন শুরুর দুদিন পরই বন্ধ যমুনা সার কারখানা
বিশেষ প্রতিনিধি, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা চালু হওয়ার মাত্র দুদিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে কারখানার বয়লার প্ল্যান্টে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
কারখানা সূত্রে জানা যায়, দীর্ঘ আট মাস গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পুনরায় গ্যাস সরবরাহ মেলায় গত সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। কিন্তু চালুর দুদিনের মাথায় বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন আবার স্থগিত হয়। কারখানা সূত্র জানায়, দীর্ঘদিন বন্ধ থাকার ফলেই মূলত এই কারিগরি সমস্যা সৃষ্টি হয়েছে। তবে গত দুদিনে মোট ১,৬০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়েছে।
যমুনা সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বয়লার প্ল্যান্টের ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে। আশা করা যাচ্ছে, আগামী দুদিনের মধ্যে সব সমস্যা সমাধান করে পুনরায় উৎপাদনে ফেরা সম্ভব হবে।
উল্লেখ্য, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় ইউরিয়া সার সরবরাহ করে থাকে এই কারখানাটি। স্বাভাবিক গ্যাস সরবরাহ থাকলে প্রতিদিন এতে ১,৭০০ মেট্রিক টন সার উৎপাদিত হয়, যা থেকে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকার সার বিক্রি সম্ভব হয়।
এআইএল/সকালবেলা