পোল্যান্ডের স্কুলে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ১, প্রধান শিক্ষকসহ আহত ২
অনলাইন ডেস্ক: ইউরোপের দেশ পোল্যান্ডে শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক সহিংসতার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির একটি স্কুলে ১৫ বছর বয়সী সাবেক এক শিক্ষার্থীর ধারালো অস্ত্রের হামলায় এক স্কুলকর্মী নিহত হয়েছেন এবং প্রধান শিক্ষকসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স পুলিশের বরাতে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে দেশটির রাজধানী ওয়ারশর উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ভিশকুভ কাউন্টির লেশচিদোল-নোভিনি এলাকার একটি স্কুলে এই নজিরবিহীন সহিংসতার ঘটনাটি ঘটে।
পোল্যান্ড পুলিশ জানায়, ১৫ বছর বয়সী অভিযুক্ত ওই কিশোর ধারালো অস্ত্র নিয়ে সাবেক নিজের স্কুলে ঢুকে পড়ে এবং সেখানে কর্মরত কর্মীদের ওপর নির্বিচারে আক্রমণ চালায়। এতে স্কুলের প্রধান শিক্ষকসহ মোট তিনজন কর্মী মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পরপরই জরুরি সেবা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করে। হামলায় মারাত্মক আহত ৩৭ বছর বয়সী এক স্কুলকর্মীকে বাঁচাতে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা প্রদান করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনার ঠিক একদিন আগে অর্থাৎ বুধবার (৭ অক্টোবর) উত্তর-পূর্ব পোল্যান্ডের অস্ট্রোলেঙ্কা এলাকার একটি স্কুলে ১৯ বছর বয়সী এক তরুণ একাধিক শিক্ষার্থীর ওপর ছুরিকাঘাত চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ আত্মঘাতী চেষ্টায় আহত ওই হামলাকারী তরুণকে আটক করে।
এদিকে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি জানিয়েছেন, নিরাপত্তার চরম হুমকির মুখে দেশের মধ্যাঞ্চলের সিরেপক শহর থেকে ১৭ বছর বয়সী আরেক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। গ্রেফতারের সময় তাঁর ব্যাগ থেকে দুটি উদ্ধার করা হয়। পরপর কয়েকটি স্কুলে শিক্ষার্থী ও তরুণের অস্ত্র হাতে আক্রমণের ঘটনা পোল্যান্ডের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।