নগরকান্দায় পিতলের মূর্তি চুরি, থানায় অভিযোগ

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ
নগরকান্দায় পিতলের মূর্তি চুরি, থানায় অভিযোগ

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা বাজারের কেন্দ্রীয় কালী মন্দিরের তালা ভেঙে ২২ কেজি ওজনের দুটি পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে চুরির ঘটনাটি দেখতে পান সেবায়েত রমা চক্রবর্তী (৩০)। পরে তিনি নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাতে মন্দির বন্ধ করে বাসায় যান সেবায়েত। রাত সাড়ে ১২টার দিকে একবার মন্দির পরিদর্শনও করেন তিনি। তবে সোমবার ভোর ৬টার দিকে পূজা দিতে গিয়ে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা এবং ভেতরে থাকা দুটি পিতলের মূর্তি নিখোঁজ।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা সভাপতি শ্রী রণদা প্রসাদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তালা ভেঙে মূর্তি দুটি নিয়ে গেছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, চুরি হওয়া মূর্তি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের বিশেষ তৎপরতা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন