যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও স্থল অবরোধ কোনো প্রভাব ফেলবে না: ইরান
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং স্থল ও নৌ অবরোধের পরিকল্পনা সরাসরি ও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান।
সোমবার (১৭ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞা—যার মধ্যে একটি কথিত স্থল অবরোধ অন্তর্ভুক্ত রয়েছে—তা ইরানের নীতিগত অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না।
সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, "এ ধরনের কোনো পদক্ষেপ বা হুমকি ইরানের মূল অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না।"
তিনি অভিযোগ করে বলেন, ওয়াশিংটন ১৯৫৩ সালে ইরানে মার্কিন মদদপুষ্ট সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া 'যুদ্ধ, বৈষম্য, চাপ এবং নিষেধাজ্ঞার এক মারাত্মক দুষ্টচক্রে' ধারাবাহিকভাবে আটকে রয়েছে।
ইসমাইল বাঘাই আরও উল্লেখ করেন, আগের ডেমোক্রেট প্রশাসনের অধীনে ঘোষিত 'পঙ্গু করে দেওয়া নিষেধাজ্ঞা' কিংবা ট্রাম্পের প্রথম মেয়াদের 'সর্বোচ্চ চাপের' (maximum pressure) কৌশলসহ পূর্ববর্তী যাবতীয় মার্কিন পদক্ষেপে কোনো ফল আসেনি।
বাঘাই বলেন, "তারা এমনকি আমাদের সাধারণ জনগণের জন্য জরুরি ওষুধ সরবরাহ পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এবং ইরানের ওপর চাপ সৃষ্টি করতে সব ধরনের কৌশল ব্যবহার করেছে।" তিনি যোগ করেন, ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত 'একটি অবৈধ সামরিক আগ্রাসনের পথ বেছে নিয়েছিল।'
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র দৃঢ়তার সঙ্গে বলেন, "অতীতে যেসব আগ্রাসী পন্থা প্রয়োগ করে কোনো সুফল পাওয়া যায়নি, ভবিষ্যতেও তা ভিন্ন কোনো ফলাফল এনে দেবে না—এ বিষয়ে নিশ্চিত থাকুন।"
|