দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
রূপম চাকমা, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে দীঘিনালা উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউকে এইড, সিডা, নেদারল্যান্ডস পররাষ্ট্র মন্ত্রণালয়, জার্সি ওভারসিজ এইড ও কনরাড এন. হিলটন ফাউন্ডেশনের সহায়তায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় যৌথভাবে এ প্রকল্পের বাস্তবায়ন করে কারিতাস বাংলাদেশ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা জাবারাং কল্যাণ সমিতি।
কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেশ চাকমার সভাপতিত্বে এবং জাবারাং কল্যাণ সমিতির টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা এবং দীঘিনালা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছা. মনোয়ারা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে কবাখালী ইউনিয়নে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বাছাইকৃত ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে সহায়তা হস্তান্তর করা হয়। প্রতিটি পরিবারকে শর্তহীনভাবে নগদ ৮ হাজার টাকা এবং একটি স্বাস্থ্য সুরক্ষা কিট দেওয়া হয়।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল ২০ লিটারের ১টি বালতি, ১টি মগ, ২টি গোসলের সাবান, ২ কেজি ডিটারজেন্ট, ১০ প্যাকেট খাবার স্যালাইন, ৬ লিটার বিশুদ্ধ খাবার পানি, ১টি নেইল কাটার এবং নারীদের ব্যবহারের জন্য ১০ পিস স্যানিটারি ন্যাপকিন।
|