চলনবিলে বোরো ধান কাটার উৎসব শুরু

চলনবিলে বোরো ধান কাটার উৎসব শুরু

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের চলনবিল অঞ্চলে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিংড়া উপজেলার পয়েন্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে “বোরো ধান কর্তন উৎসব-১৪৩৩”-এর উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিংড়া উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৬০০ হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আবাদ হয়েছে ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, চলনবিল এলাকায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে। শ্রমিক সংকট নিয়ে শঙ্কা থাকলেও বর্তমানে পর্যাপ্ত শ্রমিক থাকায় ধান কাটায় কোনো সমস্যা হচ্ছে না। কৃষকদের সোনার ফসল দ্রুত ও নিরাপদে ঘরে তুলতে কৃষি বিভাগ সর্বাত্মক তদারকি করছে।

ধান কাটা উৎসবের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল রিফাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক এবং স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান খান বলেন, অনুকূল আবহাওয়া ও সঠিক পরামর্শের কারণে এবার ভালো ফলন হয়েছে। কৃষকরা যেন নির্বিঘ্নে ধান মাড়াই সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন