মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম

মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে মো. ইব্রাহীম নামে এক তরুণকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত ইব্রাহীম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই এলাকার ‘সমন্বয়ক’ বলে দাবি করেছেন তার বন্ধুরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের ময়ূর ভিলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনদের সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজের পর স্থানীয় একটি দোকানে চা পানের সময় মুখে গামছা বাঁধা চারজন দুর্বৃত্ত হঠাৎ ইব্রাহীমের ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় তার হাত ও মাথায় গুরুতর জখম হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা স্কুল শিক্ষক আরিফ আহমেদ। স্বজনদের দাবি, ইব্রাহীম জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। এ কারণে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছিল, এমনকি জেলখানা থেকেও আসামিরা তাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তারা। জুলাই আন্দোলনের পুরনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করা হয়েছে বলে তাদের ধারণা।

তবে হামলার কারণ নিয়ে পুলিশের পক্ষ থেকে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, ময়ূর ভিলা এলাকায় একটি পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস অথবা এর সামনের জায়গায় দোকান বসানো নিয়ে স্থানীয়দের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল। প্রাথমিক তদন্তে সেই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন