নোয়াখালী-৫ আসনে চাঁদাবাজি ও সালিশ বাণিজ্য চলবে না: এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী-৫ আসনে চাঁদাবাজি ও সালিশ বাণিজ্য চলবে না: এমপি ফখরুল ইসলাম

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, চাকরি বাণিজ্য, বালু বাণিজ্য কিংবা মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ইসমাইল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের অনিয়মমুক্ত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, যাদের বিরুদ্ধে আইনি মামলা রয়েছে, সেই প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই চলবে। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো নিরপরাধ আওয়ামী লীগ কর্মীকে হয়রানি করা যাবে না। একইসঙ্গে তিনি সতর্ক করে দেন যে, জামায়াত বা অন্য কোনো দলের সঙ্গে বিএনপির কোনো কর্মী কোনো প্রকার অন্যায় কর্মকাণ্ডে জড়াতে পারবে না। কবিরহাট এলাকায় শান্তি প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করাই তার মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

ইফতার মাহফিলে চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহিরের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সামছুউদ্দিন মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম আলম, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, আরাফাত রহমান হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাদাত হোসেন, সদস্য সচিব হিরন ও ছাত্রনেতা ইয়াছিন ফরহাদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। মাহফিলে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।

এম.এম/সকালবেলা


মন্তব্য করুন