গাজীপুরে কাভার্ডভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল আমিন শিকদার (৩৫) নামে এক মিনি কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিনের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মিনি কাভার্ডভ্যান হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক আল আমিন ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালককে উদ্ধার করেন। তবে ফায়ার সার্ভিস বের করার আগেই তাঁর মৃত্যু হয়।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রকিবুল হাসান জানান, কাভার্ডভ্যানের ক্ষতিগ্রস্ত অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করে সালনা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল জানান, দুর্ঘটনার পর ধাক্কা খাওয়া অপর গাড়িটি চলে যায়। সেটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এআইএল/সকালবেলা
|