এমপি আমির হামজার জরুরি সংবাদ সম্মেলন
কাঞ্চন কুমার, কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলন থেকে হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে 'গণঅধিকার পরিষদ'-এর চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর গাড়িবহরে হামলা চালায়। শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তাঁর গণতান্ত্রিক কর্মকাণ্ড নস্যাৎ করার উদ্দেশ্যেই এ পূর্বপরিকল্পিত চক্রান্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়— আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, সিসিটিভি ফুটেজ দেখে মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
আমির হামজা কুষ্টিয়াবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন পদক্ষেপ না নিলে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে কড়া জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ জেলা জামায়াতের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|