উচ্ছেদ করা হলো আগারগাঁওয়ের ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
উচ্ছেদ করা হলো আগারগাঁওয়ের ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’
আগারগাঁওয়ে অবৈধভাবে নির্মিত ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযান।

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আগারগাঁও এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ব্যস্ততম ফুটপাত ও মূল সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে রবিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে পরিচালিত এক যৌথ অভিযানে হোটেলটি উচ্ছেদ করা হয়।

রবিবার (১৬ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ কার্যক্রম চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা অস্থায়ী টিনের কাঠামোটি পুরোপুরি সরিয়ে ফেলা হয়।

ঘটনার সত্যতা ও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, কাফরুল থানাধীন আগারগাঁও মোড় সংলগ্ন এলাকার ব্যস্ত পথচারী পারাপারের ফুটপাত ও মূল সড়কের অংশ দীর্ঘদিন ধরে দখল করে অবৈধ অবকাঠামো বানিয়ে হোটেল ব্যবসা চালিয়ে আসছিলেন মিজানুর রহমান। এতে একদিকে যেমন সাধারণ পথচারীদের হাঁটার স্বাভাবিক পথ রুদ্ধ হচ্ছিল, তেমনি রাস্তার সংকুচিত অংশে প্রতিনিয়ত সৃষ্টি হতো যানজটের।

জনভোগান্তি দূর করা ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক সহায়তা করে কাফরুল থানা পুলিশ।

উল্লেখ্য, ইতিপূর্বে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় বিদ্যুৎ বিভাগের অভিযানে মিজানের ওই হোটেলে ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে কাঁচের বোতল দিয়ে আঘাত করার গুরুতর অভিযোগ ওঠে স্বত্বাধিকারী মিজানের বিরুদ্ধে। সেসময় ঘটনাস্থল থেকে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিতি নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে মিজানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মন্তব্য করুন