সরকারের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে আসছেন মুশফিক ফজল আনসারী

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
সরকারের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে আসছেন মুশফিক ফজল আনসারী
আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মুশফিকুল ফজল আনসারী।

নিজস্ব প্রতিবেদকঃ একসময় জাতিসংঘ, ওয়াশিংটন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের শাসনব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় সোচ্চার প্রশ্নকর্তা ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। সময়ের পরিক্রমায় তাঁর এই পেশাগত ভূমিকার বিস্তর পরিবর্তন ঘটেছে।

সাংবাদিকতার চেনা পরিমণ্ডল পেরিয়ে সম্প্রতি তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে আন্তর্জাতিক কূটনীতির আঙিনায় দেশের ভাবমূর্তি তুলে ধরেছেন। ইতিপূর্বে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন, যেখানে তাঁকে সিনিয়র সচিবের পদমর্যাদা ও প্রটোকল প্রদান করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারের উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমান মন্ত্রিসভার অত্যন্ত প্রভাবশালী দুজন সদস্য অভিজ্ঞ এই সাংবাদিক ও কূটনীতিককে সরকারের নীতিনির্ধারণী কাজের সঙ্গে সরাসরি যুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ ও প্রস্তাব প্রদান করেন।

সেই পরামর্শ ও পর্যালোচনার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গত সপ্তাহে মুশফিকুল ফজল আনসারীকে কার্যালয়ে ডেকে পাঠান এবং তাঁর সঙ্গে দীর্ঘ একান্তে (ওয়ান-টু-ওয়ান) প্রায় আধা ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক পরিচালনা করেন। ওই বৈঠকের পরেই নিশ্চিত হওয়া গেছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক কোনো বিশেষ রাষ্ট্রীয় গুরুত্বসম্পন্ন পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন তিনি।

তবে সরকারের নতুন কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হওয়ার গুঞ্জন ও আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে মুশফিকুল ফজল আনসারী কালের কণ্ঠকে সংক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "এ ধরনের কোনো বিষয়ে আমার জানা নেই।"

আন্তর্জাতিক কূটনীতি সংক্রান্ত নিয়মিত খবর ও হালনাগাদ তথ্যের জন্য সরাসরি দেখে নিতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে

মন্তব্য করুন