কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বর্ণাঢ্য বৃক্ষমেলা শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বর্ণাঢ্য বৃক্ষমেলা শুরু

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে শহরের বটতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণের মাধ্যমে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বক্তারা সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

সাতদিনব্যাপী এ মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলার স্টলগুলোতে সরকারি-বেসরকারি দপ্তর এবং স্থানীয় নার্সারিগুলো অংশ নিয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল করিম, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির রমজান আলী, এনসিপি উত্তর অঞ্চলের সংগঠক শেখ খায়রুল কবির, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন