নারী টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস শীর্ষে স্মৃতি মান্ধানা

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ণ
নারী টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস শীর্ষে স্মৃতি মান্ধানা

অনলাইন ডেস্ক: রেকর্ড গড়া থেকে মাত্র ৮ রান দূরে দাঁড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতের তারকা উদ্বোধনী ব্যাটার স্মৃতি মান্ধানা। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত সূচনা করে শুরুতেই দুটি চারের মারে সেই কাঙ্ক্ষিত ইতিহাস গড়লেন তিনি। নিউজিল্যান্ডের সুজি বেটসকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন এককভাবে সর্বোচ্চ রানের মালিক এই ভারতীয় ব্যাটার।

রবিবার এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয় ভারত। ম্যাচের প্রথম ওভারেই বাংলাদেশের পেসার মারুফা আক্তারকে বাউন্ডারি হাঁকিয়ে সুজি বেটসের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে থাকেন মান্ধানা। এরপর তৃতীয় ওভারে মারুফাকেই আরেকটি চার মেরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চূড়ায় উঠে যান তিনি। পরবর্তী বলেই আরেকটি চারে রেকর্ডটি উদযাপন করেন।

ইনিংসে ১৯ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হওয়ার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মান্ধানার মোট রান দাঁড়ায় ৪ হাজার ৭৮৮-তে। এর আগে ১৭৮ ইনিংসে ৪ হাজার ৭৫১ রান নিয়ে এতদিন শীর্ষ আসন ধরে রেখেছিলেন সাবেক কিউই ব্যাটার সুজি বেটস। তাকে টপকে যেতে মান্ধানার লাগলো তার চেয়েও সাতটি কম ইনিংস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের তালিকার তিন নম্বরে অবস্থান করছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর (৪,৩২৭ রান)। এছাড়া চার হাজার রান ছোঁয়া চতুর্থ ক্রিকেটার হিসেবে তালিকার চারে রয়েছেন শ্রীলঙ্কার তারকা ব্যাটার চামারি আতাপাত্তু (৪,২৮২ রান)।

মন্তব্য করুন