কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমের দাফন সম্পন্ন
অনলাইন ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) দাফন সম্পন্ন হয়েছে। পরম মমতা ও গভীর শোকে রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দ্বিতীয় দফা জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও স্থানীয় অধিবাসীদের ঢল নামে। অপ্রতিম কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার পেশায় একজন ব্যবসায়ী।
পুত্রহারা শোকাতুর বাবা কে এম ফিরোজ শাহরিয়ার দাফন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমার ছেলের বয়স মাত্র ১৩ বছর। সে এই বয়সে কোনো অপরাধ করার কথা নয়, কিংবা কোনো প্রেমঘটিত কারণও থাকার সুযোগ নেই। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে সে আনন্দে আর বিশ্বাস নিয়েই তাদের সঙ্গে যাচ্ছিল। আমি বর্তমান প্রশাসনের কাছে এই ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।"
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরে শনিবার লালমাই পাহাড় সংলগ্ন এলাকা থেকে তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে চিহ্নিত কিশোর গ্যাং লিডার তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।