৯ ঘণ্টার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন পয়েন্টে হাঁটুপানি, স্থবির জনজীবন
অনলাইন ডেস্ক: টানা ও মুষলধারে বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার রাত ১২টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত এই ৯ ঘণ্টায় রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সপ্তাহের প্রথম কর্মদিবসে এই ভারি বৃষ্টির ফলে অফিসগামী যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্ত পোহাতে হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ভোর ৪টার দিকে শুরু হওয়া বৃষ্টির তীব্রতা সকাল বাড়ার সাথে সাথে আরও প্রবল রূপ নেয়। ফলে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের সড়কগুলোতে পানি জমে যায়। অনেক স্থানে হাঁটু পর্যন্ত পানি জমে যাওয়ায় সাধারণ যানবাহন চলাচল বিঘ্নিত হয় এবং সড়কের ওপর গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটে।
জলাবদ্ধতার পাশাপাশি গণপরিবহনের তীব্র সংকট দেখা দেওয়ায় শত শত মানুষকে দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে দেখা গেছে। নগরবাসীর অভিযোগ—অপর্যাপ্ত ড্রেন ব্যবস্থা, নিয়মিত নালা-নর্দমা পরিষ্কার না করা এবং অপরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নের কারণেই সামান্য বৃষ্টিতেই বারবার স্তব্ধ হয়ে পড়ছে রাজধানী।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।