চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, ৩৫ লাখ টাকা লুট

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, ৩৫ লাখ টাকা লুট

মোহাম্মদ সোহেল রানা, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের চকবাজারে একটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যালয়ে চাঁদা দাবির পর ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চকবাজার থানাধীন এক্সেস রোড এলাকায় অবস্থিত ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) এবং ‘এক্সাবাইট লিমিটেড’ এর যৌথ কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলার শিকার ‘এক্সাবাইট লিমিটেড’ একটি আইআইজি প্রতিষ্ঠান এবং ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) একটি সুপরিচিত ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠান। ভুক্তভোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি চিহ্নিত চক্র তাদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় চক্রটি ক্রমাগত হুমকি দিচ্ছিল।

এরই জেরে সোমবার দুপুরে আকস্মিকভাবে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্যালয়ে প্রবেশ করে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ফেলে। এরপর তারা অফিসের কম্পিউটার, মূল্যবান সার্ভার ইকুইপমেন্ট, আসবাবপত্র এবং কাঁচের দরজা-জানালসহ সব সরঞ্জাম ভাঙচুর করে। এতে ওই এলাকায় ইন্টারনেট সেবা চরমভাবে বিঘ্নিত হওয়ার উপক্রম হয়।

ঘটনার দিন কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য অফিসে নগদ ৩৫ লাখ টাকা রাখা ছিল। অভিযোগ উঠেছে, হামলাকারীরা আলমারি ও ড্রয়ার ভেঙে সেই নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার শিকার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছি। চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে এভাবে আমাদের অফিসে ঢুকে তাণ্ডব চালানো হলো এবং বেতনের ৩৫ লাখ টাকা লুট করা হলো। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"

ঘটনার পর পরই চকবাজার থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করে।

চকবাজার থানা পুলিশ জানিয়েছে, অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে স্থানীয় ইন্টারনেট সেবাদাতারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন