বগুড়ায় ভুয়া ডাক্তারের চেম্বারে জরিমানা
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের শেরেবাংলা নগর এলাকায় দুই ভুয়া ডাক্তারের চেম্বারে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নামের আগে অবৈধভাবে ‘ডাক্তার’ পদবি ব্যবহার এবং চেম্বারে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ মেলায় এ জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেরেবাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, শুধুমাত্র ডিএমএফ (Diploma in Medical Faculty) কোর্স সম্পন্ন করেও মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) নামের দুই ভাই দীর্ঘদিন ধরে নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। স্থানীয়দের কাছেও তাঁরা চিকিৎসক হিসেবেই পরিচিত ছিলেন, যার ফলে সাধারণ রোগীরা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছিলেন।
অভিযান চলাকালে ওই চেম্বার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ জীবনরক্ষাকারী ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আর কখনো এ ধরনের অনিয়ম ও প্রতারণা করবেন না বলে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে আইনগত ও সার্বিক সহযোগিতা প্রদান করেন র্যাব-১২ এবং বগুড়া জেলা পুলিশের সদস্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে প্রতারক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|