সুনামগঞ্জে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ
সুনামগঞ্জে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ মো. নয়ন মিয়া (৪৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব-৯)।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট থেকে কাজির পয়েন্টগামী পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মাঠগাঁও গ্রামের সোনা মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, সদর থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের দলটি সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নয়ন মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে মাদক রাখার কথা স্বীকার করে। পরে তার হেফাজতে থাকা একটি খাকী রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন জানায়, সে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এই বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন