নাসিরনগরে নবজাতক উদ্ধার, অভিভাবকদের খুঁজছে পুলিশ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
নাসিরনগরে নবজাতক উদ্ধার, অভিভাবকদের খুঁজছে পুলিশ

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে একটি বাড়ির দরজার সামনে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি স্থানীয় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৩ জুলাই) সকালে মহিষবেড় গ্রামের ওই বাড়ির সদস্যরা ঘরের দরজা খুলতেই সামনে কাপড়ে জড়ানো অবস্থায় নবজাতক শিশুটিকে দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে একটি নিরাপদ স্থানে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।

উদ্ধারের পর বেশ কিছু সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত শিশুটির মা-বাবা কিংবা কোনো বৈধ অভিভাবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আশ্রয়ে রয়েছে।

এলাকাবাসী ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি দেশের কোথাও যদি কোনো নবজাতক ছেলে সন্তান হারিয়ে যাওয়ার খবর থাকে অথবা কেউ যদি এই শিশুটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত নিকটস্থ থানা বা স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। শিশুটির প্রকৃত স্বজনদের খুঁজে বের করতে স্থানীয়দের আন্তরিক সহযোগিতা কামনা করেছে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন