চিকিৎসা ভাতা পেলেন সিরাজদিখানের ১২৬ মুক্তিযোদ্ধা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
চিকিৎসা ভাতা পেলেন সিরাজদিখানের ১২৬ মুক্তিযোদ্ধা

আসিফ বাঁধন, সিরাজদিখান প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১২৬ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে সরকারি চিকিৎসা ভাতা বিতরণ করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজদিখান উপজেলা কমান্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে এ ভাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে চিকিৎসা ভাতার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুম্পা ঘোষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু এবং সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান। এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের উন্নত চিকিৎসাসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ চিকিৎসা ভাতা বিতরণ করা হচ্ছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান ও সুচিকিৎসা রক্ষায় সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে চিকিৎসা ভাতার এই অর্থ হাতে পেয়ে বীর মুক্তিযোদ্ধারা গভীর সন্তোষ প্রকাশ করেন এবং এই ধরনের কল্যাণকর উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন