কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদের অফিস সহায়ক নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা পরিষদের বিশ্বস্ত অফিস সহায়ক মুক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক এই প্রয়াণে জেলা পরিষদ পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মুক্তার হোসেনের বাড়ি অষ্টগ্রাম উপজেলায়। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে অফিসে আসার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। প্রথমে তাঁকে গুরুতর আহত অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে মুক্তার হোসেনের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি সোহেল)। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এআইএল/সকালবেলা