ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশ পৃথক দুটি ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানে মাদক বহনের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম সোনারামপুর এলাকার উজানভাটি হোটেলের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকারের মালিক ও ড্রাইভার গাড়িটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ গাড়িটি তল্লাশি করে ৯৬ বোতল দামী বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে— টিচার্স হুইস্কি, জ্যাক ড্যানিয়েলস, ভ্যাট ৬৯, ব্যালেন্টাইন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, শিভাস রিগ্যাল এবং গ্র্যান্টস হুইস্কি।
একই দিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। এসময় সন্দেহভাজন হিসেবে মোসাম্মৎ রুনা বেগম (৪০) নামের এক নারীকে তল্লাশি করে ১৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রুনা বেগম কসবা থানার ধজনগর গ্রামের মৃত রুসেন আলী ভূইয়ার স্ত্রী।
আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও প্রাইভেটকারটি নিয়ম অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারী ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদকের ট্রানজিট রুট হিসেবে পরিচিত এই এলাকায় পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ