ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বরিশালে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুরে বরিশাল সড়ক বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের সূচনা করা হয়।
বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাসুদ খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী জাতীয় মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই বৃক্ষরোপণ কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বনজ, ফলদ ও ঔষধি—নানা প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে মহাসড়কের সবুজায়ন নিশ্চিত করা হচ্ছে।
উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন বলেন, "মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিকল্পিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।"
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাসুদ খান তাঁর বক্তব্যে জানান, পরিকল্পিতভাবে রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে সড়কের নিরাপত্তা ও স্থায়িত্ব বৃদ্ধি পাবে। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বরিশাল সড়ক বিভাগের এই উদ্যোগের ফলে দক্ষিণবঙ্গের মহাসড়কগুলো সবুজে ঘেরা এক মনোরম পরিবেশ পাবে বলে মনে করছেন স্থানীয় সাধারণ মানুষ ও পরিবেশবাদীরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ