মোশাররফ করিম দম্পতির ওপর হামলা
বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই কলকাতায় হামলার চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকেরা এই অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন।
জাওয়াদ নির্ঝর তাঁর পোস্টে উল্লেখ করেন, স্থানীয় সময় রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন কস্তুরি হোটেলের সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোশাররফ করিম ও জুঁই দম্পতি। ওই সময় সেখানে অবস্থান করা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অভিনেতাকে লক্ষ্য করে ‘লাল বদর’ বলে কটূক্তি ও গালাগালি শুরু করে। একপর্যায়ে তারা মোশাররফ করিমের দিকে ধাবিত হয় এবং পরিস্থিতি হাতাহাতির পর্যায় পর্যন্ত গড়ায়। পরবর্তীতে সেখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা দ্রুত এগিয়ে এসে এই তারকা দম্পতিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে মোশাররফ করিম কিংবা তাঁর স্ত্রীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এদিকে, কলকাতার মাটিতে দেশের শীর্ষ অভিনেতার ওপর এমন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসংগঠন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রভাবশালী নেতা রিফাত রশিদ। ফেসবুকে দেওয়া এক কড়া বার্তায় তিনি লিখেছেন, “কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিমের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়েছে।”
নয়াদিল্লিকে সতর্কবার্তা দিয়ে এই যুবনেতা আরও উল্লেখ করেন, “ভারত সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদের সময়ের শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব আপনার টেরিটরিতে সস্ত্রীক হামলার শিকার হয়েছেন; যারা অপরাধী তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিন। অন্যথায় এই ঘটনা দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনে মারাত্মক জটিলতা তৈরি করবে, যা আপনারা সামাল দিতে পারবেন না। কলকাতার সাথে নাটক, সিনেমা ও ওয়েব সিরিজের যৌথ প্রজেক্ট বয়কটের ডাক দেওয়ার আগেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।”
|