ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, ৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমানবাহিনীর একটি বিশালাকার বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আট জন নিহত হয়েছেন। দেশটির সামরিক কর্মকর্তারা এই ভয়াবহ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সোমবার (১৫ জুন) লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৬০ মাইল (৯৫ কিলোমিটার) উত্তরে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে একটি নিয়মিত পরীক্ষামূলক মিশন চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিমানটি আছড়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে আগুন ধরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
সামরিক সূত্র জানায়, বিমানটিতে সেনা ও সরকারি কর্মকর্তার পাশাপাশি বেসামরিক ঠিকাদাররাও ছিলেন। দুর্ঘটনার পরের ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ডের তীব্রতা এত বেশি ছিল যে বিমানটির ধ্বংসাবশেষ ছাড়া প্রায় কিছুই অবশিষ্ট নেই এবং বিস্তীর্ণ এলাকা পুড়ে কালো হয়ে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত মার্কিন বিমানবাহিনীর কর্নেল জেমস হেইস সাংবাদিকদের বলেন, “এডওয়ার্ডস বিমানঘাঁটি আজ এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। আমরা আট জন মহান দেশপ্রেমিককে হারিয়েছি। জরুরি উদ্ধারকারী দল দ্রুত তৎপরতা শুরু করলেও ধ্বংসস্তূপ থেকে কাউকে জীবিত উদ্ধারের কোনো সুযোগ ছিল না।”
তিনি জানান, বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটির রাডার ব্যবস্থার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এই পরীক্ষামূলক উড্ডয়নটি করা হচ্ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর বিমানঘাঁটিটি সাময়িকভাবে বন্ধ করে সব ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।
এদিকে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানি জানিয়েছে, নিহতদের মধ্যে তাদেরও দুইজন কর্মী রয়েছেন। তারা সকল ভুক্তভোগীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১৯৫৪ সালে প্রথম আকাশে ওড়া এই বি-৫২ ভারী বোমারু বিমানটি মূলত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধের কৌশল হিসেবে তৈরি করা হয়েছিল। দশকের পর দশক সচল রাখতে এটিকে ক্রমাগত আধুনিকায়ন করা হয়েছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, ১৮৫ ফুট ডানার এই বিশালাকার বিমানটি সাধারণত পাঁচজন ক্রু নিয়ে ৮ হাজার ৮০০ মাইল পর্যন্ত একটানা উড়তে পারে। পূর্বের ভিয়েতনাম, উপসাগরীয় যুদ্ধ, ইরাক ও আফগানিস্তানের পাশাপাশি সাম্প্রতিক ইরান যুদ্ধেও এই বোমারু বিমানটি ব্যবহার করেছে ওয়াশিংটন।
|