বিঝু উৎসব উপলক্ষে দিঘীনালায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

বিঝু উৎসব উপলক্ষে দিঘীনালায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

রুপম চাকমা, দিঘীনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দিঘীনালায় পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব 'বিঝু' উদযাপনকে সামনে রেখে স্থানীয় ৯টি উদযাপন কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেছে দিঘীনালা জোন। 

আজ রবিবার (৫ এপ্রিল ২০২৬) দিঘীনালা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়।

দিঘীনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিঝু উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে এই আর্থিক অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দিঘীনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন শাকিব রুশাদ, ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নাল আবেদীন এবং ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন বলেন, “সেনাবাহিনী সবসময়ই পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিঝু পাহাড়ের মানুষের প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে মানুষের মুখে হাসি ফোটাতে পারা এবং সবার আনন্দ ভাগ করে নেওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।”

আর্থিক সহায়তা প্রাপ্ত কমিটির প্রতিনিধিরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, উৎসবের প্রাক্কালে এই সহায়তা তাদের ঐতিহ্যবাহী বিঝু উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে।

উল্লেখ্য, প্রতিবছরই বিঝু ও বৈসাবি উৎসবকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে, যা স্থানীয় জনগণের মধ্যে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন