গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাস প্রাঙ্গণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "ভাষা শহিদদের আত্মত্যাগের কারণেই বাংলা ভাষা আজ পৃথিবীতে শক্ত অবস্থানে রয়েছে। তবে উচ্চশিক্ষায়, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষার পর্যাপ্ত বইয়ের অভাব রয়েছে। আমাদের সর্বত্র বাংলার ব্যবহার বৃদ্ধিতে গবেষকদের আরও কাজ করতে হবে।" তিনি শিক্ষার্থীদের ভাষাজ্ঞান বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ে একটি 'আন্তর্জাতিক ভাষা কেন্দ্র' চালুর পরিকল্পনার কথা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, "একুশই আমাদের স্বাধীন রাষ্ট্র গড়ার পথ দেখিয়েছে। আধুনিক যুগে মাতৃভাষাই মানুষের মত প্রকাশের প্রধান মাধ্যম।"

জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদযাপন কমিটির সভাপতি ড. মোহাম্মাদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনার মাধ্যমে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন