ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— নন্দীগ্রাম পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদ এবং উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে উপজেলার পারশুন গ্রামে এক ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মাঝগ্রাম ইউনিয়ন সভাপতি মাসুদ রানা মজিদসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। হামলাকারীরা ওই এলাকায় কয়েকটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী বিএনপি নেতা মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুইজনই সংশ্লিষ্ট মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, এই ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নজরদারি জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ