ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশে এখনও একটি মহল ‘মব জাস্টিস’ বা গণপিটুনির মতো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এমনকি প্রশাসনের ভেতরেও কেউ কেউ গোপনে এদের মদদ দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে দূরত্ব থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। জনকল্যাণে কাজ করতে হলে উভয়ের মধ্যে স্বচ্ছ সম্পর্ক ও সমঝোতা থাকা জরুরি। অহেতুক ভুল বোঝাবুঝি এড়িয়ে জনগণকে সেবা দেওয়ার তাগিদ দেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জহির উদ্দিন স্বপন বলেন: “ভবিষ্যতে যেন আপনাদের বিরুদ্ধেই জনগণকে আন্দোলন গড়ে তুলতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। জনবিচ্ছিন্ন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।”
চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই সরকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, দেশের ৪ কোটি ১০ লাখ পরিবার এই কার্ডের আওতায় আসবে। এই প্রকল্পের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নারীর ক্ষমতায়ন এবং বেকারত্ব দূরীকরণে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় বরিশালের জেলা প্রশাসক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেড.ইউ.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ