ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গভীর রাতে একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মসজিদের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র, ইলেকট্রনিক সরঞ্জাম ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকার ওই টিনশেড মসজিদে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনের লেলিহান শিখায় মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর, বৈদ্যুতিক পাখা ও মূল্যবান সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয়দের সহযোগিতায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় মসজিদের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে মসজিদের আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত মসজিদটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ