ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মাওলানা আব্দুস সাত্তার

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মাওলানা আব্দুস সাত্তার

মোঃ মকবুলার রহমান, ডোমার উপজেলা প্রতিনিধি: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার শনিবার (২১ ফেব্রুয়ারি) ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের পর স্থানীয় জনগুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের মান যাচাইয়ে এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরা নিয়মিত ওষুধ পাচ্ছেন কি না, চিকিৎসকদের সময়মতো উপস্থিতি এবং নার্সদের সেবার মান কেমন—এসব বিষয়ে তিনি সরাসরি খোঁজখবর নেন। এ সময় অনেক রোগী উন্নত সেবায় সন্তোষ প্রকাশ করলেও, কেউ কেউ প্রয়োজনীয় ওষুধের স্বল্পতা এবং পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে ভোগান্তির অভিযোগ তাঁর কাছে তুলে ধরেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন:

"সরকারি স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যেন কোনোভাবেই দালালচক্রের হাতে হয়রানি কিংবা চিকিৎসকের অবহেলার শিকার না হন, সে বিষয়ে কঠোর সতর্ক থাকতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে আর্তমানবতার সেবায় কাজ করতে হবে।"

এমপি আরও জানান, হাসপাতালের জনবল সংকট ও প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাব থাকলে তিনি তা সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। বিশেষ করে জরুরি বিভাগ, মাতৃসেবা এবং শিশু স্বাস্থ্য ইউনিটের সক্ষমতা আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সেবা নিশ্চিত করার জন্য। হাসপাতালগুলোতে যেন সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা পায়, সেটি নিশ্চিত করতে আমি নিয়মিত তদারকি চালিয়ে যাব।”

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.এম.আর/সকালবেলা

মন্তব্য করুন