জুলাই আন্দোলনকে অস্বীকার করা জনগণের সাথে প্রতারণার শামিল: রফিকুল ইসলাম খাঁন

জুলাই আন্দোলনকে অস্বীকার করা জনগণের সাথে প্রতারণার শামিল: রফিকুল ইসলাম খাঁন

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, সদ্য সমাপ্ত গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ সূচক রায় দিয়েছেন। এই গণভোটের রায়কে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। আর জুলাই আন্দোলনকে অস্বীকার করা বাংলাদেশের জনগণের সাথে চরম প্রতারণার শামিল।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মাওলানা রফিকুল ইসলাম খাঁন আরও বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের মানুষের চেতনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই বিপ্লবে প্রায় ২ হাজার মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং অন্তত ৭০ হাজার নারী-পুরুষ আহত ও পঙ্গু হয়েছেন। জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করার দুঃসাহস দেখায়, তবে তার পরিণতিও জুলাইয়ের গণহত্যাকারীদের মতোই হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পুরো নির্বাচনী এলাকায় বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, উল্লাপাড়া উপজেলাকে একটি আধুনিক ও বসবাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে এবং সবার সহযোগিতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে, পরিচ্ছন্নতা কেবল বাহ্যিক নয়, বরং এটি একটি সুস্থ সমাজ ও উন্নত নাগরিক জীবনের অপরিহার্য অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে তিনি উপস্থিত জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাদের সুনির্দিষ্ট পরামর্শ গ্রহণ করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারাও তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন