দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর নিজের নির্বাচনী এলাকায় প্রথম সরকারি সফরেই ব্যাপক উন্নয়নের রূপরেখা ঘোষণা করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। গত ১২ ফেব্রুয়ারি দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর এটিই ছিল তার এলাকায় প্রথম আগমন, যা নিয়ে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

মতবিনিময় সভায় মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন ঘোষণা করেন, দিনাজপুর-৬ আসন হবে সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়নের একটি মডেল। তিনি স্পষ্ট করে বলেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারের সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে অনিয়ম করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফ্যামেলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য হিসেবে তিনি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর তালিকা স্বচ্ছতার ভিত্তিতে হালনাগাদ করার নির্দেশ দেন।

নারী ও শিশুদের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ঘোড়াঘাটসহ পার্শ্ববর্তী এলাকায় নারী উদ্যোক্তা সৃষ্টি, কিশোরী ক্লাব শক্তিশালীকরণ এবং শিশু সুরক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ ও বাজার সংযোগের মাধ্যমে আত্মনির্ভরশীল করার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তিনি সভায় তুলে ধরেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের দাবি জানালে মন্ত্রী পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পৌর প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, মানবিক মূল্যবোধ ও সামাজিক সমতা নিশ্চিত করাই মূল লক্ষ্য। দিনাজপুর-৬ আসনের মানুষের দেওয়া আস্থার প্রতিদান হিসেবে তিনি দৃশ্যমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এস.আই/সকালবেলা

মন্তব্য করুন