ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শুভ সমদ্দার, পিরোজপুর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুরের কর্মসূচি শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিরোজপুরের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মামুন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চরখালী-ভাণ্ডারিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত হাসান মামুন জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি জাতীয় দৈনিক ‘দ্য এশিয়ান এজ’ (The Asian Age) এর জেলা প্রতিনিধি ও বিএনএস (BNS) এর দক্ষিণাঞ্চলীয় প্রতিবেদক হিসেবে কর্মরত।
জানা গেছে, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ভাণ্ডারিয়া উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ আদায়সহ স্থানীয় বিভিন্ন কর্মসূচি শেষ করে ফিরছিলেন। প্রতিমন্ত্রীর গাড়িবহর চরখালী-ভাণ্ডারিয়া সড়ক অতিক্রম করার সময় বহরের একটি গাড়ির সাথে সংঘর্ষে সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসান মামুনের আহতের খবর ছড়িয়ে পড়লে পিরোজপুরের সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা।
এইচ.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ