ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে মাত্র দুটি শব্দের একটি স্ট্যাটাস দেন— ‘সবকিছুই সমঝোতা।’
গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহর ‘ইনকিলাব জিন্দাবাদ’ লেখা একটি স্ট্যাটাস কয়েক ঘণ্টার মধ্যে লাখ লাখ রিয়্যাকশন পেয়ে ভাইরাল হয়েছিল। তার ঠিক দুদিন পরই এই নতুন রহস্যময় পোস্ট রাজনৈতিক মহলে ভিন্ন এক আলোচনার জন্ম দিয়েছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে—যেখানে ঢাকায় সিটি নির্বাচনের প্রস্তুতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে রদবদলের গুঞ্জন চলছে—সেখানে একজন প্রভাবশালী তরুণ সংসদ সদস্যের এই ‘সমঝোতা’ বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নেটিজেনরা। সমর্থক ও সমালোচকদের মধ্যে এটি নিয়ে নানা বিভাজন তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন এটি কোনো বিশেষ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত, আবার অনেকের মতে এটি ব্যবস্থার প্রতি তাঁর কোনো সুপ্ত অসন্তোষের বহিঃপ্রকাশ।
পোস্টটি দেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি ভাইরাল হয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ সেখানে মন্তব্য ও প্রতিক্রিয়া জানান। তবে স্ট্যাটাসটির মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে তাঁর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ