ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ‘গণতন্ত্রের বিজয় হয়েছে। এই যে নির্বাচন গেল, যদিও ইঞ্জিনিয়ারিং-প্ল্যানিং যাই বলেন এগুলো মেকানিজম হয়েছে, কিন্তু গণতন্ত্রের বিজয় হয়েছে বলে আমি মনে করি। মানুষ ভোট দিতে পেরেছে। ভোট নিয়ে যা হয়েছে ওগুলো আমি বলতে চাই না। ময়দানে কিন্তু ভোট হয়েছে, তো আলহামদুলিল্লাহ।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া শিল্পকলা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনের পরিবেশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমার জীবনে প্রথম ভোট দিলাম। কেমন করে ভোট দেওয়া লাগে আগে আমরা জানতাম না, এবার দিয়ে অন্তত শিখলাম। আগামীতে এ ধারা যেন অব্যাহত থাকে। মানুষ তাদের পছন্দের প্রার্থী যারা, তাদের ভোট দেওয়ার সুযোগ অন্তত এবার পেয়েছে।’
অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করে মুফতি আমির হামজা বলেন, অসম্ভব পরিশ্রমী, চৌকস এবং মেধাবী সাংবাদিকদের কারণে কুষ্টিয়াতে স্বচ্ছ সাংবাদিকতার ধারা রচিত হয়েছে। তবে কলম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করে তিনি সাংবাদিকদের পরামর্শ দেন, ‘যা লিখবেন, এটা হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে অথবা এটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই আপনাকে হয় মানুষ বানাবে অথবা অমানুষ বানাবে। আশা করছি আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন।’
ইফতার মাহফিলে কুষ্টিয়া জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার কে এম আলী মহসিন এবং কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ