১৬ বছরে চট্টগ্রামের পরিবহন খাতে ১৪শ’ কোটি টাকা লুট, এখনো সক্রিয় সিন্ডিকেট

১৬ বছরে চট্টগ্রামের পরিবহন খাতে ১৪শ’ কোটি টাকা লুট, এখনো সক্রিয় সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরে চট্টগ্রামের পরিবহন খাত থেকে চাঁদাবাজির মাধ্যমে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। শাহজাহান নামে জনৈক এক পরিবহন শ্রমিকের দায়ের করা মামলার এজাহারে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, ক্ষমতার পটপরিবর্তন হলেও চট্টগ্রামের পরিবহন খাতে চাঁদাবাজির চিত্র খুব একটা বদলায়নি; বরং এখনো পুরনো নিয়মেই সক্রিয় রয়েছে সিন্ডিকেট।

অনুসন্ধানে জানা যায়, বাস, মিনিবাস, হিউম্যান হলার ও ম্যাক্সিমাসহ বিভিন্ন যানবাহন থেকে দৈনিক নির্দিষ্ট হারে চাঁদা আদায় করত প্রায় ২০০ জনের একটি শক্তিশালী চক্র। লাইন পরিচালনা, প্রশাসন ম্যানেজ এবং ভুয়া শ্রমিক কল্যাণের নামে এই বিশাল অঙ্কের টাকা লুটে নেওয়া হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যে জোটেনি কোনো সহায়তা। গত ১৬ বছরে বাস-মিনিবাস থেকে প্রায় ১৬৭ কোটি ৭০ লাখ, হিউম্যান হলার থেকে আরও ১৬৭ কোটি ৭০ লাখ এবং ম্যাক্সিমা গাড়ি থেকে প্রায় ৬০ কোটি ৪৮ লাখ টাকাসহ সব মিলিয়ে পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন থেকে বিপুল এই অর্থ লোপাট করা হয়েছে।

৫ আগস্টের পর নেতৃত্বের রদবদল হলেও মাঠ পর্যায়ে এখনো নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্থ আদায়ের অভিযোগ তুলছেন চালকরা। তবে পরিবহন মালিক নেতাদের দাবি, বর্তমানে কোনো অবৈধ চাঁদা তোলা হচ্ছে না, কেবল সাংগঠনিক নিয়ম রক্ষায় মালিকরা নির্ধারিত ফি দিচ্ছেন। সাধারণ শ্রমিকরা বলছেন, প্রশাসন ও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই সিন্ডিকেটকে আইনের আওতায় না আনলে চট্টগ্রামের পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন