১১০ দিনে কোরআনের হাফেজ পটুয়াখালীর ১১ বছরের শিশু দ্বীন ইসলাম

১১০ দিনে কোরআনের হাফেজ পটুয়াখালীর ১১ বছরের শিশু দ্বীন ইসলাম

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টার: মাত্র ১১০ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার এক বিরল কৃতিত্ব অর্জন করেছে মোহাম্মদ দ্বীন ইসলাম (১১) নামের এক কোমলমতি শিশু। পটুয়াখালীর সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়নের ধরান্দী কলেজ সংলগ্ন ‘জামিয়া রহীমিয়া মাদ্রাসা’ থেকে সে হিফজ সম্পন্ন করেছে। এতো অল্প সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করার বিষয়টি স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

হাফেজ মোহাম্মদ দ্বীন ইসলাম পটুয়াখালীর মোহাম্মদ ইয়াকুব মুন্সীর ছেলে। মাদ্রাসার শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই দ্বীন ইসলামের মেধা ছিল প্রখর। তার একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই মাত্র ১১০ দিনে অর্থাৎ চার মাসেরও কম সময়ে সে ৩০ পারা কোরআন হিফজ করতে সক্ষম হয়েছে। তার এই কৃতিত্ব মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের জন্যও এক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

তবে অসামান্য এই অর্জনের আনন্দের মাঝেও এক বিষাদময় বাস্তবতার সম্মুখীন শিশুটি ও তার পরিবার। মেধাবী হাফেজ দ্বীন ইসলামের পরিবার অত্যন্ত অস্বচ্ছল। তার বাবা-মা অভাবের সংসারে থেকেও ছেলেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছেন। বর্তমানে পরিবারের চরম আর্থিক সংকটের কারণে মেধাবী এই শিশু হাফেজের পরবর্তী পড়াশোনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার উচ্চতর দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে বর্তমানে হিমশিম খাচ্ছে পরিবারটি।

মেধাবী ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী এই শিশুটির শিক্ষার ধারা অব্যাহত রাখতে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একটি সুন্দর সমাজ বিনির্মাণে এবং মেধাবীদের রক্ষায় সামর্থ্যবানদের এগিয়ে আসাই এখন দ্বীন ইসলামের পড়াশোনার একমাত্র ভরসা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন