ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই অতর্কিত হামলার পর দেশ দুটির মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। হামলার পরপরই আফগানিস্তানের তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছেন।
আফগান সরকারের পক্ষ থেকে দেওয়া এক কড়া বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান এই হামলা চালিয়ে আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা চরমভাবে লঙ্ঘন করেছে। কাবুলের এই আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ অধিকার আছে এবং সঠিক সময়ে প্রতিশোধমূলক হামলা চালানো হবে বলে তালেবান নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন।
সংবাদমাধ্যম দ্য উইক জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশ সৌদি আরব, কাতার ও তুরস্ককে ইতিমধ্যে পাকিস্তান কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আফগানিস্তান। জানা গেছে, পাকিস্তানের বিমানবাহিনী এফ-১৬ এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করে এই হামলা পরিচালনা করেছে। তবে পাকিস্তানের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করেই এই 'প্রিসিশন স্ট্রাইক' চালানো হয়েছে।
আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জানান, পাকিস্তানের বিমানবাহিনী মূলত বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ডজনখানেক মানুষের মৃত্যু হয়েছে। গত বছর সীমান্তে বড় ধরনের সংঘর্ষের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছালেও, সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে বাড়তে থাকা সন্ত্রাসী হামলার দায় আফগানিস্তানের ওপর চাপিয়ে পাকিস্তান আজ এই অভিযান চালায়। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ