নরসিংদীতে মোটরসাইকেল ও ভ্যানগাড়ির সংঘর্ষে যুবক নিহত

নরসিংদীতে মোটরসাইকেল ও ভ্যানগাড়ির সংঘর্ষে যুবক নিহত

মো নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পাঁচদোনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবির হোসেন মাহিন (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে পাঁচদোনা মোড় ও সাকুরার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মনির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মাহিন তার মোটরসাইকেল নিয়ে পাঁচদোনা মোড়ের অদূরে সাকুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী ভ্যানগাড়ির সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহ উদ্ধার ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। ঘাতক ভ্যানগাড়িটি আটক করার চেষ্টা চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন