দেবীগঞ্জে জামায়াতের বিশাল নারী গণমিছিল

দেবীগঞ্জে জামায়াতের বিশাল নারী গণমিছিল

আব্দুল মালেক, দেবীগঞ্জ (পঞ্চগড়): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে নজিরবিহীন শক্তি প্রদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দেবীগঞ্জ পৌরসভায় প্রায় ১৫ হাজারেরও বেশি নারী কর্মীর অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নারীদের এই বিপুল উপস্থিতি দেবীগঞ্জের রাজপথকে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ জনসমুদ্রে পরিণত করে।

 বেলা সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ এন এন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাওরা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে আসা নারীদের অনেকের হাতেই ছিল দলীয় স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। সংসার ও কোলের শিশুর মায়া ত্যাগ করে দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে এই কর্মসূচিতে অংশ নিয়ে কর্মীরা তাঁদের রাজনৈতিক সংহতির পরিচয় দেন।

মিছিলে অংশ নেওয়া রাবেয়া বেগম ও নূরজাহান জানান, “অনেকেই শিশু সন্তানকে কোলে নিয়ে সংসারের কাজ সেরে কর্মসূচিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক সচেতনতা এবং সমাজ পরিবর্তনে নারীদের ভূমিকা নিশ্চিত করতেই আমাদের এই উপস্থিতি।”

মিছিল শেষে এরশাদ মঞ্চে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে পঞ্চগড়-২ আসনে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নারী কর্মীদের এই অংশগ্রহণ এক বড় অনুপ্রেরণা। তাঁরা আগামী ১২ ফেব্রুয়ারি দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেনসহ উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

পঞ্চগড়-২ (দেবীগঞ্জ ও বোদা) আসনটি উত্তরবঙ্গের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী সফিউল আলম (সফিউল্লাহ সুফি)-র সাথে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আজকের এই নারী গণমিছিল জামায়াত প্রার্থীর শক্ত অবস্থানকেই জানান দিল।

মন্তব্য করুন