ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগের সাবেক এক নেতার বিরুদ্ধে জমি দখল এবং একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এই হয়রানি থেকে মুক্তি এবং পৈতৃক জমি উদ্ধারের দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর (নয়ারহাট) বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, স্থানীয় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ও তাঁর ছেলে খোকন মিয়া দীর্ঘ ১০ বছর ক্ষমতার প্রভাব খাটিয়ে তাঁদের জমি দখল করে রেখেছেন। শুধু জমি দখলই নয়, পরিবারটিকে এলাকাছাড়া করতে এ পর্যন্ত ৮ থেকে ৯টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধনে অংশ নিয়ে রাহেলা বেগম বলেন, “আমাদের বিরুদ্ধে এখনো একাধিক মামলা চলছে। তাঁরা আমাদের বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দিচ্ছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” বাবার জমি ফেরত পাওয়ার আকুতি জানিয়ে অপর ভুক্তভোগী লায়লা বলেন, “খোকন মিয়া আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। আমরা আর মামলা চালানোর সক্ষমতা রাখি না। প্রশাসনের কাছে আমাদের জোরালো অনুরোধ, আমাদের জমি যেন ফেরত দেওয়া হয়।”
অপরদিকে, রাসেল মিয়া ও রাব্বী মিয়া অভিযোগ করেন যে, আওয়ামী লীগ নেতা হিসেবে দীর্ঘকাল প্রভাব খাটিয়ে এখন নতুন করে তাঁদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে খোকন মিয়া দাবি করেন, “জমিটি আমাদেরই। তাঁদের সব অভিযোগ ভিত্তিহীন এবং এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।”
নির্বাচনী ডামাডোলের মাঝেও একটি অসহায় পরিবারের ওপর চলা এই অমানবিক হয়রানি বন্ধে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে পৈতৃক জমি পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন উপস্থিত সাধারণ মানুষ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ