ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চুয়াডাঙ্গার সংবাদকর্মীদের সঙ্গে বিশেষ মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম. তারিক উজ-জ্জামান ও জেলা নির্বাচন অফিসার আহম্মেদ আলীসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক জানান, নির্বাচনের সময় নাশকতামূলক কর্মকাণ্ড ও অপরাধীদের তৎপরতা রোধে জেলায় কিছু বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে যে, ইটভাটাগুলোতে অপরাধীরা শ্রমিক সেজে আশ্রয় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করতে পারে। এই ঝুঁকি এড়াতে নির্বাচনের সময় জেলার সব ইটভাটা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পেট্রোল বোমা বা অগ্নিসংযোগের মতো নাশকতা ঠেকাতে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্বাচনের আগের দিন ও ভোটের দিন সাধারণ কেউ চাইলেই যত্রতত্র পেট্রোল কিনতে পারবেন না। পাম্পগুলোকে নির্দিষ্ট সীমা মেনে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, একটি উৎসবমুখর ও নিরাপদ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো ধরনের গুজব ছড়ানো বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ