বরিশালের ৬ আসন: ধানের শীষের ৬ প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন ৩০ প্রতিদ্বন্দ্বী

বরিশালের ৬ আসন: ধানের শীষের ৬ প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন ৩০ প্রতিদ্বন্দ্বী

সাঈদ পান্থ, বরিশাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনে প্রচার-প্রচারণা শেষে এখন চলছে ভোটের অপেক্ষা। নির্বাচনী মাঠের তথ্য অনুযায়ী, ৬টি আসনেই বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদের মূল চ্যালেঞ্জের মুখে ফেলতে শক্ত অবস্থানে রয়েছেন বাকি ৩০ জন প্রার্থী। বিশেষ করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থীদের কারণে ৫টি আসনেই তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

বরিশাল-৫ (সদর): আলোচনার শীর্ষে সরোয়ার বনাম ফয়জুল করীম বিভাগীয় এই গুরুত্বপূর্ণ আসনে পঞ্চমবারের মতো লড়ছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে শক্ত অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করীম। জামায়াতে ইসলামী এখানে প্রার্থী দেয়নি। এছাড়া বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্ত্তীও আলোচনায় রয়েছেন। প্রায় ৫ লাখ ভোটারের এই আসনে লড়াই হবে দ্বিমুখী।

বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া): স্বপনের সামনে নিজ দলের বিদ্রোহী বিএনপির এম জহির উদ্দিন স্বপনের বিপরীতে এখানে লড়ছেন ৪ জন। তবে ভোটারদের মতে, মূল লড়াই হবে স্বপন ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের (ফুটবল প্রতীক) মধ্যে। এখানে জামায়াতের মাওলানা কামরুল ইসলাম খানও ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারেন।

বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া): সান্টুর বিরুদ্ধে সাত প্রার্থীর লড়াই বিএনপির এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে লড়াইয়ে আছেন জামায়াতের মাস্টার আবদুল মান্নান ও ইসলামী আন্দোলনের মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন। এই আসন থেকে জাসদ ও এনপিপির প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন। ৩ লাখ ৮০ হাজার ভোটারের এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী): জয়নুল আবেদীন বনাম ফুয়াদ ও টিপু বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এখানে ধানের শীষের প্রার্থী। তবে জামায়াতের সমর্থনে ১১-দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (এবি পার্টি) বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। পাশাপাশি কারাগারে থাকা জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর পক্ষে তাঁর পরিবার ও কর্মীরা ব্যাপক প্রচার চালিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ): রাজীব আহসানের চ্যালেঞ্জ জামায়াত ও চরমোনাই পীর বিএনপির তরুণ নেতা রাজীব আহসানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। এছাড়া চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ এছহাক আবুল খায়ের (হাতপাখা) এই আসনে দীর্ঘদিনের প্রচারের কারণে শক্তিশালী অবস্থানে রয়েছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ): আবুল হোসেন খানের মোকাবিলায় ফয়জুল করীম এই আসনে বিএনপির আবুল হোসেন খানের বিরুদ্ধে লড়ছেন ৫ জন। তবে এখানে বড় ফ্যাক্টর মুফতি মুহাম্মদ ফয়জুল করীম ও জামায়াতের মাওলানা মাহমুদুন্নবী। এই আসনটিতে এবার চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয় ভোটাররা।

মন্তব্য করুন