দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা: মণিরামপুর পৌরসহ ৪ ইউনিয়ন বিএনপি কমিটি বিলুপ্ত

দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা: মণিরামপুর পৌরসহ ৪ ইউনিয়ন বিএনপি কমিটি বিলুপ্ত

আব্দুল্লাহ আল মামুন, যশোর: দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা এবং কারণ দর্শানো নোটিশের অসন্তোষজনক জবাব দেওয়ার অভিযোগে যশোরের মণিরামপুর পৌর বিএনপিসহ চারটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা বিএনপি। বুধবার (৪ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্র ও জেলা পর্যায় থেকে দেওয়া সুনির্দিষ্ট নির্দেশনা বাস্তবায়নে চরম অনীহা প্রদর্শনের দায়ে মণিরামপুর পৌর এবং সংলগ্ন কয়েকটি ইউনিয়ন কমিটিকে আগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট কমিটিগুলোর পক্ষ থেকে দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় এবং বারবার নির্দেশনা অমান্য করার বিষয়টি প্রমাণিত হওয়ায় কঠোর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিলুপ্ত ঘোষিত কমিটিগুলোর মধ্যে রয়েছে মণিরামপুর পৌর বিএনপি এবং ৩নং ভোজগাতী, ৫নং হরিদাসকাঠি, ১২নং শ্যামকুড় ও ১৭নং মনোহরপুর ইউনিয়ন বিএনপি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, সংগঠনকে শক্তিশালী করতে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না। বিলুপ্ত ঘোষিত এসব ইউনিটে খুব শীঘ্রই দলের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ.এম/সকালবেলা

মন্তব্য করুন