ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৫ এপ্রিল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তদন্তের স্বার্থে আরও সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এদিন সকালেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ মামলায় গ্রেফতারকৃত পাঁচ হাইপ্রোফাইল আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।
উল্লেখ্য, ২০১৩ সালের ওই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে দায়ের করা এই অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিবির সাবেক হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকারসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের অনেকের বিরুদ্ধেই ইতোমধ্যে পৃথক মামলায় ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ