গজারিয়ায় বালুমহাল ইজারা বন্ধের ঘোষণা এমপি রতনের

গজারিয়ায় বালুমহাল ইজারা বন্ধের ঘোষণা এমপি রতনের

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় অরাজনৈতিক সামাজিক সংগঠন 'গজারিয়া সচেতন সমাজ'-এর উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার বালুয়াকান্দিস্থ শাহ্ শের আলী গ্রিন লাউঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ রুহুল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন এলাকার সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় নিজের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে আমি সব জায়গায় সমতা বজায় রাখবো এবং প্রতিটি ভোটারের হক পালন করবো। এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো ব্যবসা গজারিয়ায় চলতে দেওয়া হবে না। বিশেষ করে পরিবেশ ও জননিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক পদক্ষেপ হিসেবে মুন্সীগঞ্জে বালুমহাল ইজারা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত এক বছরের জন্য হলেও মেঘনা নদীতে বালুমহাল ইজারা বন্ধ করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী দিদার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী, রেনেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক ড. আব্দুল মান্নান সরকার ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা গজারিয়া উপজেলার সামাজিক উন্নয়নে 'গজারিয়া সচেতন সমাজ'-এর ভূমিকার প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা ও গজারিয়া উপজেলার বিএনপি, যুবদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন