বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

ওয়াফিক শিপলু, বগুড়া: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

একুশের প্রথম প্রহর ঘিরে শহীদ মিনার প্রাঙ্গণে নামে সাধারণ মানুষের ঢল। রাত ১২টা বাজার আগেই ব্যানার ও ফুলের তোড়া হাতে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ শহীদ খোকন পার্কে জড়ো হতে থাকেন। রাত ১২টা ১ মিনিটে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। পর্যায়ক্রমে বগুড়া পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। শনিবার সকালে জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দীর্ঘ সারি শহীদ মিনার এলাকা ছাড়িয়ে শহরের প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন: "মাতৃভাষার অধিকার রক্ষায় বাংলার সাহসী সন্তানদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে পারা আমাদের জন্য গর্বের। এই বীর শহীদরাই জাতিকে এক গৌরবময় উত্তরাধিকার দিয়ে গেছেন, যা আমাদের আগামীর পথ চলায় অনুপ্রেরণা জোগাবে।"

শোক, গর্ব ও ভালোবাসার আবহে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন বগুড়াবাসী। পুরো জেলায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

ডব্লিউ.এস/সকালবেলা

মন্তব্য করুন